অসুস্থ প্রবাসীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের
মালদ্বীপে চিকিৎসাধীন অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্থ প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নিতে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (আইজিএমএইচ) ও এডিক হাসপাতাল পরিদর্শন করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল।
হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করার অংশ হিসেবে এই হাসপাতাল পরিদর্শন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্লাহ এবং কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন আবু ইউসুফের শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করে। এছাড়া আইজিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ, মো. বাবুল সরকার ও হান্নানের শারীরিক অবস্থাও পর্যালোচনা করা হয়।
এ সময় চিকিৎসাধীন প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন প্রতিনিধি দলের সদস্যরা। হাইকমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের পাশাপাশি চিকিৎসা শেষে দেশে ফিরতে ইচ্ছুকদের প্রত্যাবর্তন প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত ড. মো. নজমুল ইসলাম বলেন, 'বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অংশ। অসুস্থতা বা দুর্ঘটনায় আক্রান্ত কোনো প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসীদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসা সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ'।
তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের সহায়তায় সরকার মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।
হাইকমিশন আরো জানিয়েছে, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে মিশন ভবিষ্যতেও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাবে।
Comments