নীলফামারীতে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১
নীলফামারী সদর উপজেলার কচুকাটায় মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প (মোটর) বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকালের দিকে কচুকাটা ইউনিয়নের বাবুর বাজারে এই দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন, কচুকাটা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) এবং পাশের কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু ইসলাম (৩০) নামের অপর এক যুবক আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ইউপি সূত্রে জানা যায়, সকালে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ লক্ষ্যে পুকুরে একটি সেচ পাম্প বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত জালাল, মুজিবুর ও মিঠু বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই জালাল ও মুজিবুরের মৃত্যু হয়।
কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই সাথে দুইজনের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
Comments