ইউনিসেফ থেকে হামের টিকা ক্রয়ে বরাদ্দ ৪১২ কোটি টাকা
দেশে হামের প্রাদুর্ভাব ও টিকার তীব্র ঘাটতি মোকাবিলায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ (UNICEF) থেকে হামের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১০ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চলতি অর্থবছরের প্রয়োজনীয় এই টিকা কিনতে ৪১২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ৩ মাসে হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৬,১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২,২৯২ জন। গত তিন মাসে হামে আক্রান্ত হয়ে সরাসরি ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৩৯ জন মারা গেছেন। অর্থাৎ, সব মিলিয়ে ৬৩১ জনের প্রাণহানি ঘটেছে।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই দেশে হামের এই প্রাদুর্ভাব দেখা দেওয়ায় প্রশাসনকে বেশ হিমশিম খেতে হচ্ছে। এই সংকটের পেছনে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের টিকা ব্যবস্থাপনার ত্রুটি ও উদাসীনতার বিষয়টি জোরালোভাবে সামনে এসেছে।
টিকা সংকট নিয়ে ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক সংবাদ সম্মেলনে জানান, টিকার সম্ভাব্য ঘাটতি নিয়ে আমরা তৎকালীন ড. মুহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৫ থেকে ৬টি চিঠি পাঠিয়েছিলাম এবং অন্তত ১০টি বৈঠক করেছিলাম। এমনকি জাতীয় নির্বাচনের মাত্র দুদিন আগে (১০ ফেব্রুয়ারি) তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বাংলাদেশে টিকার 'আসন্ন ঘাটতি'র কথা তুলে ধরে জরুরি চিঠিও দেওয়া হয়েছিল।"
২০২৪ সাল পর্যন্ত সরকার দাতা সংস্থার সহায়তায় ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা আনত। কিন্তু ২০২৫ সালে এসে তৎকালীন অন্তর্বর্তী সরকার এটিকে রাজস্ব বাজেটের আওতায় এনে 'উন্মুক্ত দরপত্র' প্রক্রিয়ার দিকে এগোয়, যা পরবর্তী সময়ে দেশে টিকার ঘাটতি তৈরি করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবারের এই উচ্চপর্যায়ের বৈঠকে হামের টিকা ছাড়াও দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও জ্বালানি খাতের সুরক্ষায় বেশ কিছু জরুরি কেনাকাটার অনুমোদন দেওয়া হয়েছে:
পুলিশের অপারেশনাল কাজের সক্ষমতা বাড়াতে ২১২টি ডাবল কেবিন পিকআপ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
দেশের চাহিদা মেটাতে প্রয়োজনীয় সার, গ্যাসোলিন এবং ফার্নেস অয়েল আমদানির প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করেছে কমিটি।
Comments