নেত্রকোণায় কৃষকের হাঁস লুটের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন বিএনপি নেতা সুপন আহমেদ শেখের বিরুদ্ধে কৃষকের হাঁস লুট, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ এনে বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে উপজেলার হারুলিয়া বাজার সংলগ্ন এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া, ভুক্তভোগী কৃষক সুরুজ আলী, ফজলু মিয়া, খাইরুল মিয়াসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির এই নেতা দলীয় প্রভাব খাটিয়ে কৃষক সুরুজ আলীর ১৮০টি হাঁস নিয়ে গেছেন। এ ঘটনায় বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তারা জানান।
এছাড়া সুপন আহমেদ শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ রয়েছে দাবি করে এলাকাবাসী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এসব কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের বিচার চান।
Comments