পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার (১ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে বড় ভোটের ব্যবধানে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন দীপেন দেওয়ান। এরপর গত ১৭ ফেব্রুয়ারি তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বিসিএস কর্মকর্তা হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন দীপেন দেওয়ান। দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরি করার পর, ২০০৫ সালে চাকরি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে সক্রিয় হন। রাজনীতিতে আসার পর তিনি প্রথমে রাঙামাটি জেলা বিএনপির আহ্বায়ক এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। তাঁর প্রয়াত পিতাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পারিবারিক ঐতিহ্য আর দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর তিনি বর্তমান সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়েছিলেন।
মাত্র সাড়ে তিন মাসের মাথায় দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী এই মন্ত্রীর আকস্মিক পদত্যাগে রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments