রামিসা হত্যা: আসামির পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী
মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিপক্ষে আইনি লড়াইয়ে অংশ নেবেন না ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কোনো সদস্য।
আজ শুক্রবার (২২ মে) সকালে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরবর্তীতে বাথরুমের বালতি থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর স্থানীয় জনতা মূল অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটকে রেখে পুলিশে সোপর্দ করলেও, জানালার গ্রিল কেটে পালিয়ে যান প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকালে রামিসা বাসা থেকে বের হলে সোহেল রানা তাকে ফুসলিয়ে নিজের কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর মূল অভিযুক্ত সোহেল রানা আদালতে হাজির হয়ে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
Comments