ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আওতায় হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে বলা
ঢাকা শহরের ফুটপাত ও রাস্তা হকারদের বরাদ্দ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেছিলেন আইনজীবী মো. সোহেবুজ্জামান। আজ আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন।
শুনানিতে অংশ নেওয়া অন্য আইনজীবীরা হলেন— মো. ফিরোজ হাওলাদার, মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, সুব্রত মন্ডল, মো. মোরশেদুল ইসলাম, ইশরাত জাহান, তানিয়া নিশাত, জিনাত পারভীন, আলা উদ্দিন আল আজাদ, কোরাইশ সরকার, মো. নেওয়াজ শরীফ, শাম্মী আক্তার এবং জামিয়া আক্তার শরীফ।
আদেশের পর রিটকারী আইনজীবী মো. সোহেবুজ্জামান সাংবাদিকদের বলেন,"নীতিমালা তৈরি করে হকারদের জন্য রাস্তা এবং ফুটপাত বরাদ্দ দেওয়া সরাসরি সংবিধানের পরিপন্থী। এর ফলে সাধারণ মানুষের ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।"
তিনি আরও উল্লেখ করেন যে, সড়ক পরিবহন আইনের ৩৭ ধারায় স্পষ্ট বলা আছে— রাস্তার উভয় পাশে অন্তত ১০ মিটার জায়গা ফাঁকা রাখতে হবে। কিন্তু এই নীতিমালা করে হকারদের ফুটপাত বরাদ্দ দেওয়ার মাধ্যমে আইনটির সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। মূলত জনগণের মৌলিক অধিকার ও চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এই রিট আবেদনটি করা হয়েছে।
Comments