লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বেসামরিক নাগরিকদের ওপর এমন প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
নিহত দুই প্রবাসী হলেন সাতক্ষীরা জেলার কৃতি সন্তান শফিকুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা। মো. নাহিদুল ইসলাম: আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের বাসিন্দা।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়েহ প্রদেশের জেবদিন এলাকার একটি আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরায়েল ড্রোন হামলা চালায়। সেই হামলায় ঘটনাস্থলেই এই দুই বাংলাদেশি প্রাণ হারান।
আজ মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়: বাংলাদেশ সরকার নিরপরাধ বেসামরিক মানুষের ওপর এই হামলার কঠোর প্রতিবাদ জানাচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে লেবানন কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে বৈরুত দূতাবাস। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং দূতাবাস তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
ইসরায়েল ও লেবানন সীমান্তে চলমান সহিংসতা নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা থেকে দেওয়া বার্তায় সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জোর আহ্বান জানানো হয়।
Comments