ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পরপরই সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
শেহরীন আমিন ভূঁইয়া তাঁর পোস্টে জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে প্রশাসনিক দায়িত্ব পালনের কোনো পূর্বপরিকল্পনা তাঁর ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময়ও তিনি প্রশাসনিক বলয় থেকে দূরে ছিলেন। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে সাড়া দিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।
নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন:
"আমি সামান্য একজন মানুষ, সচরাচর সিনিয়র শিক্ষকরা যে দায়িত্ব পান, সেই বড় দায়িত্ব আমি পেয়েছিলাম। এটি আমার জন্য বিশাল এক অভিজ্ঞতা।"
শেহরীন মোনামি তাঁর পোস্টে বিদায়ী প্রক্টরের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, গত দুই বছরে সাইফুদ্দীন আহমদের কাছ থেকে ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের আগলে রাখার কৌশল শিখেছেন। বিশেষ করে জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে তিনি 'অভূতপূর্ব' হিসেবে বর্ণনা করেন এবং জানান যে, এমন কঠিন পরিস্থিতি এর আগে কোনো প্রক্টরিয়াল টিমকে মোকাবিলা করতে হয়নি।
পোস্টের শেষাংশে তিনি তাঁর টিমের সাথে কাজ করাকে সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়ে বলেন:
"নতুন প্রক্টর ও তাঁর টিমের জন্য শুভকামনা। আশা করি তাঁরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করবেন।"
Comments