তামিলনাড়ুতে বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুমকি
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী নাটকীয়তা তুঙ্গে। দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) বড় সাফল্য পেলেও সরকার গঠন নিয়ে সৃষ্টি হয়েছে গভীর সংকট। এমন পরিস্থিতিতে দলটির ১০৭ জন নবনির্বাচিত বিধায়ক (এমপি/এমএলএ) একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (৮ মে) ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।
টিভিকে দলীয় সূত্রের খবর অনুযায়ী, প্রথাগত দুই প্রতিদ্বন্দ্বী দল ডিএমকে এবং এআইএডিএমকে যদি জোটবদ্ধ হয়ে সরকার গঠনের চেষ্টা করে, তবে প্রতিবাদস্বরূপ বিজয়ের দলের ১০৭ জন সদস্যই পদত্যাগ করবেন।
গুঞ্জন উঠেছে যে, এম কে স্টালিন এবং ই পালানিস্বামী হাত মিলিয়ে টিভিকে-কে ক্ষমতা থেকে দূরে রাখতে চাইছেন। জনগণের রায়কে 'অপমান' করা হলে টিভিকে কঠোর অবস্থানে যাবে বলে সাফ জানিয়ে দিয়েছে।
তামিলনাড়ুর গভর্নর আর ভি আর্লেকার এবং বিজয়ের মধ্যে সরকার গঠন নিয়ে টানাপোড়েন চলছে: ২৩৪ আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১১৮টি আসন। বিজয়ের দল ১০৭টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে।
একক বৃহত্তম দল হিসেবে বিজয় সরকার গঠনের দাবি জানালেও গভর্নর তা প্রত্যাখ্যান করেছেন। তিনি সাফ জানিয়েছেন, অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থনের আনুষ্ঠানিক চিঠি ছাড়া কাউকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে না।
তাদের হাতে ১০৭টি আসন থাকলেও কংগ্রেসের ৫ জন বিধায়ক ইতিমধ্যে সমর্থন দিয়েছেন। বাকি আসনগুলোর জন্য বাম দল ও ছোট দলগুলোর সাথে আলোচনা চলছে।
সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় ১১৮টির চেয়ে এখনো ৬টি আসন পিছিয়ে রয়েছে বিজয়ের দল। এই পরিস্থিতিতে টিভিকে দুটি পথ খোলা রেখেছে। ছোট দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা অব্যাহত রাখা। সরকার গঠনের আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।
তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিনের ডিএমকে-এআইএডিএমকে আধিপত্য ভেঙে বিজয়ের দল নতুন শক্তি হিসেবে উদয় হলেও, জোট রাজনীতির মারপ্যাঁচে আটকে গেছে সরকার গঠন। ১০৭ জন বিধায়কের গণ-পদত্যাগের হুমকি রাজ্য রাজনীতিতে একটি বড় ধরনের সাংবিধানিক সংকট তৈরি করতে পারে।
Comments