রূপপুরে বসানো হলো ২৪টি পরিবেশ মনিটরিং স্টেশন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশের পরিবেশগত সুরক্ষা ও বিকিরণ পর্যবেক্ষণে রাশিয়ার সহায়তায় স্থাপন করা হয়েছে ২৪টি অটোমেটেড ইমার্জেন্সি রেসপন্স মনিটরিং সিস্টেম (এইআরএমএস)। এই আধুনিক ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকার প্রাকৃতিক উপাদানের মান সার্বক্ষণিক যাচাই করা হবে।
এইআরএমএস কেন্দ্রের মূল লক্ষ্য হলো প্ল্যান্ট এলাকার পরিবেশগত উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা। বর্তমানে এর মাধ্যমে যেসব উপাদানের মান পরীক্ষা করা হচ্ছে সেগুলো হচ্ছে: বাতাস ও পানি, মাটি ও ঘাস, দুধ ও সবজি
ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এই ব্যবস্থার মাধ্যমে উচ্চমাত্রার বিকিরণ পরিমাপ করা হবে। কোনো কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে এই কেন্দ্র থেকে দ্রুত সংকেত পাওয়া যাবে।
রূপপুর প্রকল্পের সাবেক পরিচালক ড. শৌকত আকবরের অনুরোধে বন্ধুপ্রতিম দেশ রাশিয়া এই মনিটরিং সিস্টেমটি সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করে দিয়েছে। কেন্দ্রটির একটি অত্যাধুনিক নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে প্ল্যান্টের সুরক্ষিত এলাকা গ্রিন সিটিতে। প্রকল্প এলাকার বিগত ১০ বছরের পরিবেশগত উপাত্ত ইতিমধ্যে এই কেন্দ্রের সংগ্রহে রয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর পরিবেশে কোনো পরিবর্তন আসছে কি না, তা সহজেই তুলনা করা যাবে। প্রকল্পের আওতায় মোট ২৪টি স্টেশন বসানো হয়েছে। এমনকি রাজধানীর ঢাকাতেও একটি সুউচ্চ পরিমাপক টাওয়ার স্থাপন করা হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অপারেশনে পরিবেশের কোনো ক্ষতি হওয়ার নজির নেই। তবুও জনমনে আস্থা তৈরি এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই ২৪টি স্টেশন কার্যকর ভূমিকা রাখবে।
এই কেন্দ্রের সংগৃহীত তথ্য-উপাত্ত নির্দিষ্ট সময় পরপর সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হবে, যা প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। এছাড়াও কেন্দ্রের কর্মীদের নিরাপত্তা যাচাইয়ের জন্য পৃথক বিকিরণ পরিমাপক যন্ত্রও স্থাপন করা হয়েছে।
Comments