মমতা হাতে-পায়ে ধরে ভোটে দাঁড় করিয়েছিলেন: কবীর সুমন
রাজনীতিতে নিজের অবস্থান এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের অকপট মন্তব্য করে আলোচনায় এলেন প্রখ্যাত শিল্পী ও প্রাক্তন সাংসদ কবীর সুমন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তিনি কখনোই তৃণমূলের আদর্শগত সমর্থক বা সদস্য ছিলেন না; বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কবীর সুমন বলেন, তৃণমূলের সঙ্গে তাকে জড়িয়ে যে ধারণা প্রচলিত রয়েছে, তা সঠিক নয়। তিনি স্পষ্ট করে বলেন: "আমি তৃণমূলের সদস্য বা সমর্থক—এই পরিচয়টা পুরোপুরি ঠিক নয়। আমি তৃণমূলপন্থি না। একটা সময় দায়িত্ব পালন করেছি, কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার পর নিজেই সরে দাঁড়িয়েছি। আমি আগেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় হাতে-পায়ে ধরে এই পদে দাঁড় করিয়েছিলেন।"
পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণী মত দেন এই শিল্পী। তার মতে, একাধিক ভুল সিদ্ধান্তের কারণে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। এর মধ্যে প্রধান কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন চাকরির সংকটকে। তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না।
সমালোচনার পাশাপাশি সরকারের কিছু ইতিবাচক কাজের প্রশংসাও করেন সুমন। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নেওয়া প্রকল্পগুলো মানুষের জীবনে পরিবর্তন এনেছে বলে তিনি মনে করেন। রাজ্যে নতুন প্রশাসনের প্রতি শুভকামনা জানিয়ে তিনি প্রত্যাশা করেন যে, নারী নিরাপত্তার প্রশ্নে পশ্চিমবঙ্গ তার ধারাবাহিক ঐতিহ্য বজায় রাখবে। তার মতে, অতীতে বিভিন্ন সরকারের আমলেই এ ক্ষেত্রে একটি নিরাপত্তা বেষ্টনী বজায় ছিল, যা আগামীতেও অক্ষুণ্ণ থাকা জরুরি।
Comments