সারাদেশে কোথাও লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী
দেশে বর্তমানে কোনো লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, যান্ত্রিক বা কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে কোথাও বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, তবে পরিকল্পিত লোডশেডিং এখন আর নেই।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসকদের এই গুরুত্বপূর্ণ সেশনটি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী জানান, সম্প্রতি দুটি বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় সাময়িক কিছু সমস্যা দেখা দিয়েছিল। তিনি বলেন, "মেশিন নষ্ট হওয়া একটি স্বাভাবিক বিষয়। আমি গত সপ্তাহে একটি সেমিনারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। এখন দেশের কোথাও লোডশেডিং নেই।"
গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনগুলো অনেক দীর্ঘ হয়। ফলে কোথাও কোনো ত্রুটি (ফল্ট) দেখা দিলে বা বিদ্যুৎ ট্রিপ করলে সেই সুনির্দিষ্ট স্থানটি খুঁজে বের করতে কিছুটা সময় লাগে। লাইন মেরামত হয়ে গেলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। একে লোডশেডিং বলা ঠিক হবে না।"
জ্বালানি তেলের অভাবে লোডশেডিং হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে মন্ত্রী স্পষ্ট করেন যে, তেলের সংকটের কারণে কখনোই লোডশেডিং হয়নি। মূলত যান্ত্রিক গোলযোগের কারণেই যেটুকু সমস্যা হয়েছিল, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
মন্ত্রী আরও অভিযোগ করেন যে, একটি চক্র কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরির চেষ্টা করেছিল। বিশেষ করে ডিজেল চুরি এবং এই কৃত্রিম সংকটের সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
Comments