৭ বিভাগে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের: অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ
গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন দাবিতে দেশের ৭টি বিভাগীয় শহরে সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বিভাগীয় এই কর্মসূচি শেষে আগামী অক্টোবর মাসে রাজধানী ঢাকায় বড় ধরনের মহাসমাবেশ করার পরিকল্পনা নিয়েছে জোটটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন।
হামিদুর রহমান আযাদ জানান, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়াও জনদুর্ভোগ নিরসন, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তাদের আন্দোলনের প্রধান ইস্যু। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিয়োগ বাণিজ্যের অবসান এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধের দাবিতেও তারা রাজপথে থাকবেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, "সরকার নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম দলীয়করণ করছে। স্থানীয় সরকার নির্বাচনে জনগণের প্রতিনিধির বদলে নিজেদের প্রশাসক নিয়োগ দিয়ে একচেটিয়া শাসন চালাচ্ছে। এসবের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই আমাদের এই রাজপথের কর্মসূচি।"
ঘোষিত সূচি অনুযায়ী জোটের সমাবেশগুলো অনুষ্ঠিত হবে: ১৬ মে রাজশাহী, ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল, ২৫ জুলাই সিলেট।
বিভাগীয় এই ধারাবাহিক সমাবেশ শেষে অক্টোবর মাসে রাজধানী ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
জোটের পক্ষ থেকে জানানো হয়, কেবল সমাবেশ নয়, বড় শহরগুলোতে সেমিনার এবং সিভিল সোসাইটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় কর্মসূচিও চলবে। এছাড়া জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং নির্বাচনী প্রস্তুতিকে বেগবান করতে জেলা সফর করবেন জোট নেতারা। আসন্ন বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতেও ঢাকায় বিশেষ কর্মসূচি রাখা হয়েছে।
বৈঠকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া (এনসিপি), মাওলানা জালালউদ্দিন (বাংলাদেশ খেলাফত মজলিস), ডা. মোস্তাফিজার রহমান ইরান (লেবার পার্টি), ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান (জাগপা), আবদুল্লাহ আল মামুন রানা (এবি পার্টি), এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (জামায়াতে ইসলামী) সহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Comments