মানহানি মামলায় আগাম জামিন পেলেন মুফতি আমির হামজা
জ্বালানি মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের করা মানহানি মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা। আজ সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন বিচারক। এর আগে আজ সকালে তিনি সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তার আইনজীবী জানান, নিম্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে আইনি সুরক্ষা পেতে এই আবেদন করা হয়েছিল।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এই আইনি জটিলতার সৃষ্টি হয়। গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগের আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানি মন্ত্রীকে 'নাস্তিক ও ইসলামবিদ্বেষী' হিসেবে অভিহিত করেন। এই বক্তব্যের প্রতিবাদে গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই দিন আদালত সমন জারি করে তাঁকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত দিনে উপস্থিত না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, এর আগেও আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন সময়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে উচ্চ আদালতের জামিন পাওয়ায় আপাতত তাঁর গ্রেপ্তারে আইনি বাধা থাকল না। তবে নির্ধারিত জামিনের মেয়াদ শেষে তাঁকে আবারও নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
Comments