যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন
যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি ডক্টরাল গবেষক নাহিদা সুলতানা বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে তার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।
বৃষ্টির ভাই জাহিদ হাসান জানান, মার্কিন পুলিশ তাকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ফ্ল্যাটের ভেতর উদ্ধার হওয়া মরদেহের অবশিষ্টাংশের সঙ্গে বৃষ্টির ডিএনএ-র মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার সম্ভব হবে কি না, তা এখনো অনিশ্চিত। এর আগে নিখোঁজ থাকা অপর শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করে পুলিশ। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল ও পরিবেশ বিভাগে পিএইচডি করছিলেন।
এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জামিলের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহ (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এই তথ্য জানায়। বর্তমানে অভিযুক্তকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সন্তানদের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারে শোকের মাতম চলছে। নিহতদের স্বজনরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন। মেধাবী এই দুই শিক্ষার্থীর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি এবং দেশের সহপাঠীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
Comments