ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে পদচ্যুতির দাবি সাবেক সিআইএ প্রধানের
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র সাবেক পরিচালক জন ব্রেনান দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'মানসিকভাবে ভারসাম্যহীন' বলে মন্তব্য করেছেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে তাকে দ্রুত ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্রেনান দাবি করেছেন, ট্রাম্পের আচরণ ও মানসিক অবস্থা একজন সুস্থ প্রেসিডেন্টের মতো নয়। তিনি ট্রাম্পকে কার্যত 'পাগল' হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে ইরান প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ব্রেনান। তার মতে, প্রেসিডেন্টের এমন খামখেয়ালি আচরণ বিশ্বশান্তি ও মার্কিন নিরাপত্তার জন্য বড় হুমকি।
সাবেক এই গোয়েন্দা প্রধান মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর প্রয়োগ দাবি করেন। এই আইন অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনে শারীরিকভাবে বা মানসিকভাবে অযোগ্য প্রমাণিত হলে তাকে পদচ্যুত করা যায়।
বারাক ওবামা প্রশাসনের সময় সিআইএ-র শীর্ষ পদে থাকা জন ব্রেনানের এই বিস্ফোরক মন্তব্য মার্কিন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। এর ফলে ট্রাম্পের যোগ্যতাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে।
Comments