প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমারের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা এই বৈঠকে মিলিত হন।
বৈঠকে তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ এবং টেলিনর গ্রুপের ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তথ্যপ্রযুক্তি খাতে টেলিনরের অবদানের প্রশংসা করে বলেন: দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার সবসময় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
টেলিনর প্রধান বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নতির প্রশংসা করে জানান:
টেলিনর বাংলাদেশে তাদের সেবার মান বৃদ্ধির পাশাপাশি ৫জি প্রযুক্তি বিস্তারে বিশেষভাবে আগ্রহী। ডিজিটাল রূপান্তরে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। টেলিনরের পক্ষ থেকে বাংলাদেশে আরও বড় পরিসরে ডিজিটাল সেবা প্রসারের ইঙ্গিত দেওয়া হয়েছে।
Comments