ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: বাড়তে পারে উত্তরবঙ্গে ট্রেনের সংখ্যা
বাংলাদেশ রেলওয়ের সেবার মান বাড়াতে এবং উত্তরবঙ্গগামী ট্রেনের সংকট কাটাতে ভারত থেকে ২০০টি নতুন ব্রডগেজ কোচ সংগ্রহের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান।
ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো আমদানির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। চলতি বছর থেকেই কোচগুলো সরবরাহ শুরু হবে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এগুলো রেলওয়ের বহরে যুক্ত হবে।
নতুন কোচগুলো হাতে পেলে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে। কোচ প্রাপ্তি সাপেক্ষে রেলওয়ে নতুন রুট নির্ধারণের কাজ শুরু করবে বলে জানান মন্ত্রী। বিএনপি ও জামায়াত সমর্থিত সংসদ সদস্যদের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী বর্তমানে দেশের রেলপথের একটি পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্যমতে: মোট রেলপথ: ৩ হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার। এরমধ্যে মিটারগেজ: ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার। ব্রডগেজ: ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার। ডুয়ালগেজ: ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার।
যাত্রীদের আরামদায়ক ভ্রমণ এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সরকার আরও বড় প্রকল্প হাতে নিয়েছে। মন্ত্রী জানান, অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প অনুমোদনের কাজ চলমান রয়েছে।
বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ১৫টি আন্তঃনগর ট্রেন সচল রয়েছে। নতুন কোচ ও ইঞ্জিন যুক্ত হলে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
Comments