পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের আড়ালে নিঃসঙ্গ পথচলা
মানুষের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অথচ নিঃসঙ্গ এক মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছেন আর্টেমিস মিশনের চার অভিযাত্রী। পৃথিবী থেকে কয়েক লাখ মাইল দূরে থাকা এই চার মানুষ আজ এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, যা এর আগে আর কেউ কখনো অনুভব করেননি। তাদের চোখের সামনে জন্মভূমি পৃথিবী ধীরে ধীরে একটি ছোট নীল বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছে।
এতক্ষণ হিউস্টনের মিশন কন্ট্রোল থেকে ভেসে আসা বিজ্ঞানীদের শান্ত কণ্ঠস্বরগুলোই ছিল তাদের কাছে 'বাড়ি'র শেষ চিহ্ন। কিন্তু সেই পরম মমতার সংযোগটুকুও এবার ছিন্ন হতে যাচ্ছে।
আজ সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৪৭ মিনিটে এক অদ্ভুত নীরবতা নামবে মহাকাশযানে। যখন তারা চাঁদের অন্ধকার পিঠের আড়ালে চলে যাবেন, তখন চাঁদের বিশাল আয়তনের কারণে পৃথিবী থেকে পাঠানো সব রেডিও এবং লেজার সংকেত বাধাগ্রস্ত হবে।
দীর্ঘ ৪০ মিনিট ধরে এই চার নভোচারী থাকবেন সম্পূর্ণ একা। চারদিকে অসীম মহাশূন্যের গভীর অন্ধকার, আর ভেতরে কেবল নিজেদের নিশ্বাসের শব্দ। এটি কেবল বিজ্ঞানের কোনো বিচ্ছিন্নতা নয়, বরং এক গভীর মানবিক নিঃসঙ্গতার মুহূর্ত—যেখানে তারা থাকবেন কেবল নিজেদের চিন্তা আর অনুভূতির সাথে।
মিশনের পাইলট ভিক্টর গ্লোভার এই নিঃসঙ্গ সময়টিকে নিয়ে আগেভাগেই বিশ্ববাসীকে এক মর্মস্পর্শী বার্তা দিয়েছিলেন। বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন:
"যখন আমরা চাঁদের আড়ালে থাকব এবং আমাদের সাথে পৃথিবীর সবটুকু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন সেই সময়টিকে আপনারা আমাদের জন্য প্রার্থনার সুযোগ হিসেবে নিন। আমাদের সাথে আবার যেন সংযোগ স্থাপিত হয়, সেই আশা রাখুন, শুভকামনা জানান।"
৫০ বছর আগে অ্যাপোলো মিশনের নভোচারীরাও ঠিক এই একই অনুভূতির মধ্য দিয়ে গিয়েছিলেন। আজ আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। পৃথিবী তাকিয়ে আছে সেই ৪০ মিনিটের নীরবতা ভাঙার অপেক্ষায়—যখন আবার ভেসে আসবে মানুষের কণ্ঠস্বর, আর নিশ্চিত হওয়া যাবে যে মহাকাশের অতল গহ্বরে আমাদের স্বজনেরা ভালো আছেন।
Comments