নওগাঁয় ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে প্রতিযোগিতা
তরুণ ও যুবসমাজকে মাদক, অপরাধ এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে স্বাস্থ্য সচেতন ও ক্রীড়ামুখী করে তুলতে নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ দৌড় প্রতিযোগিতা 'রাণীনগর ১০ কিমি' (সিজন-২)। দেশের বিভিন্ন অঞ্চলের শত শত অপেশাদার ও পেশাদার রানারের উপস্থিতিতে উ ৎসবমুখর পরিবেশে এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।
শনিবার (৩০ মে) ভোরের আলো ফুটতেই রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কে এই প্রতিযোগিতার সূচনা হয়। 'রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' (রাইডো) দ্বিতীয়বারের মতো এই রানিং উৎসবের আয়োজন করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে ৭০০ জন রানার অংশ নেন। গত বছরের (প্রথম সিজন) তুলনায় এবার অংশগ্রহণকারীদের সংখ্যা ও আয়োজনের পরিধি ছিল চোখে পড়ার মতো।
শনিবার সকাল ঠিক ৬টায় শুরু হওয়া এই প্রতিযোগিতাকে মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। ১০ কিলোমিটার জেনারেল, ৫ কিলোমিটার পুরুষ (বিগিনার), ৫ কিলোমিটার নারী ও ১ কিলোমিটার কিডস (শিশু)। দৌড় শেষে সব প্রতিযোগীর জন্য সকালের নাস্তার ব্যবস্থা করা হয় এবং সকাল ৮টায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার মূল আকর্ষণ ১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, প্রথম রানার-আপকে ৪ হাজার, দ্বিতীয় রানার-আপকে ৩ হাজার, তৃতীয় রানার-আপকে ১ হাজার ৫০০ এবং চতুর্থ রানার-আপকে ১ হাজার নগদ টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি এই ক্যাটাগরির শীর্ষ ১০ রানার পান বিশেষ মেডেল ও ক্রেস্ট।
অন্যদিকে, ৫ কিলোমিটার পুরুষ ও নারী উভয় ক্যাটাগরির চ্যাম্পিয়নরা পান ৩ হাজার টাকা করে। এই দুই ক্যাটাগরির প্রথম রানার-আপ ২ হাজার এবং দ্বিতীয় রানার-আপ ১ হাজার টাকা করে পুরস্কার লাভ করেন। এ ছাড়া ১ কিলোমিটার কিডস ক্যাটাগরিতে অংশ নেওয়া ৪০ জন শিশুর প্রত্যেককে বিশেষ স্মারক ক্রেস্ট দিয়ে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
তরুণদের ইতিবাচক পথে ফেরাতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে মাঠের ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। রাণীনগরে দেশজুড়ে রানারদের নিয়ে এমন একটি বৃহৎ আয়োজন সত্যিই প্রশংসনীয়। আশা করি, সুস্থ সমাজ গঠনে এই ধারা আগামীতেও বজায় থাকবে।'
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। রাইডোর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ডা. মো. রু মন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসাইন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনুসাব্বির আহমেদ।
সমাপনী বক্তব্যে ডা. মো. রু মন হোসেন বলেন, 'রাণীনগর ১০ কিমি' এখন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি তারুণ্যের শক্তি ও সম্প্রীতির এক জাতীয় প্ল্যাটফর্ম। আগামীতে আরও বড় পরিসরে এই উ ৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।
Comments