ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারা কান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের অংশের শিট কেটে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। পরে কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে যায় তারা। সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দা ওলি ডাকুয়া কার্যালয়ে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে তারা। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জীবন এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তাঁরা সতর্ক অবস্থানে ছিলেন। ভোররাতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। এ ঘটনায় কার্যালয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তাঁরা বাধা দেন। এর জের ধরে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Comments