ঝালকাঠিতে পোল্ট্রি ফার্মে আগুন দেওয়ার অভিযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি পোল্ট্রি ফার্মে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী খামারি। ঘটনাটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের পশ্চিম অভয়নীল গ্রামে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী কবির হোসেন শরীফ বাদী হয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কবির হোসেন শরীফ নিজের বসতবাড়ির পাশে একটি মুদি দোকান ও পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। গত ১৯ মে দিবাগত রাতে প্রতিদিনের মতো তার ছেলে ইমন শরীফ ও প্রতিবেশী শুভ আচার্য ফার্মের পাহারাদার কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে আগুনের ফুলকি ও ধোঁয়ার গন্ধে তাদের ঘুম ভেঙে যায়। পরে তারা দেখতে পান পুরো ফার্মে আগুন জ্বলছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খামারি কবির হোসেন শরীফ জানান, আগুনে তার পোল্ট্রি ফার্মের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ৬ বস্তা মুরগির ফিড, ফ্যান, মুরগির খাবারের পাত্র, বৈদ্যুতিক ওয়্যারিং, পানির মোটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। তিনি দাবি করেন, এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, একই এলাকার শফিক হাওলাদার, রায়হান হাওলাদার, কাইয়ুম হাওলাদার ও ছাব্বির হাওলাদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার মৎস্য ঘের নিয়ে বিরোধ চলছিল। ঘটনার আগের দিন অভিযুক্তরা তাকে খামার পুড়িয়ে দেওয়া এবং পাহারাদারদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি। তার ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, "পোল্ট্রি ফার্মে আগুন দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
Comments