সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা: চালকসহ নিহত ৩
সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ও ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া থেকে ময়মনসিংহগামী 'বুশরা পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বাসটি নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ এর একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দ্রুতগতিতে আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। নিহতদের মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জের রাখি বেগম ও নওগাঁর রাকিবুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।
দুর্ঘটনার পর যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বাসটি আইল্যান্ড ও পিলারের মাঝে আটকে যাওয়ায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেকার ব্যবহার করে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার কাজ করছে।
Comments