হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাতে নিখোঁজ হওয়ার দুই দিন পর খোয়াই নদী থেকে আব্দুল জলিল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার মিরাশি ইউনিয়ন-এর পাঁচগাঁও এলাকায় খোয়াই নদীতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল জলিল গাজীপুর ইউনিয়ন-এর ক্ষেতামারা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গরু নিয়ে কোটবাড়ি এলাকায় খোয়াই নদী পারাপারের সময় পানিতে তলিয়ে যান আব্দুল জলিল। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীর তীরে ভিড় করেন। পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দফা অনুসন্ধান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের দুই দিন পর শনিবার দুপুরে পাঁচগাঁও এলাকায় হঠাৎ তার মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments