শিক্ষা ক্যাডারে ৩২৬ প্রভাষকের পদায়ন, যোগ দেননি ২২
৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মাধ্যমে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সুপারিশপ্রাপ্ত ৩৪৮ জনের মধ্যে ২২ জন নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করায় তারা পদায়নের বাইরে থাকেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষা ক্যাডারে মোট ৩৪৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে গেজেট প্রকাশ করে এবং নিয়োগপ্রাপ্তদের ৯ ফেব্রুয়ারির মধ্যে যোগদানের নির্দেশনা দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে ৩২৬ জন কর্মকর্তা গত ৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যোগদান করেন। বাকি ২২ জন কর্মকর্তা সময়মতো যোগ না দেয়ায় তাদের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানকারী কর্মকর্তাদের জন্য আয়োজিত অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও বিষয়ভিত্তিক চাহিদা বিবেচনায় দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে তারা দায়িত্ব পালন করবেন।
এবারের পদায়নে বিষয়ভিত্তিক বণ্টনে দেখা গেছে, বাংলায় ২৪ জন, ইংরেজিতে ২৫ জন, রাষ্ট্রবিজ্ঞানে ২৯ জন, দর্শনে ২৯ জন, ইতিহাসে ২৬ জন এবং অর্থনীতিতে ২০ জন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। এছাড়া প্রাণিবিদ্যায় ২৪ জন ও সমাজকল্যাণ বিষয়ে ১০ জনসহ অন্যান্য বিষয়েও পদায়ন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন কলেজে দীর্ঘদিনের শিক্ষক সংকট আংশিকভাবে লাঘব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শিক্ষা মন্ত্রণালয় পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে। প্রজ্ঞাপনে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে যোগদান না করলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments