ট্রাকের চাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহিমের
সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয় খোলা রাখার অভিযোগের মধ্যেই ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহিম। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ইটবাহী একটি বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আঙুল উঠছে বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার দিকে।
গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা উপেক্ষা করে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের আশাবন মডেল একাডেমি বিদ্যালয় খোলা রাখে। আর এই সিদ্ধান্তের জেরেই প্রাণ হারাতে হলো মাহিমকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার সময় দ্রুতগতির একটি ইটবাহী ট্রাক মাহিমকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে মাহিমের পরিবার। তাদের দাবি, ঘাতক ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বিদ্যালয়ের পাশের বিবিসি ইটভাটার একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটলেও ভাটা কর্তৃপক্ষ দায় স্বীকারে অনাগ্রহ দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে।এ বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুধু ট্রাকচালক নয়, সরকারি আদেশ অমান্য করে বিদ্যালয় খোলা রাখার অভিযোগে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নির্দেশনা মেনে বিদ্যালয় বন্ধ থাকলে হয়তো আজ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না।এ ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
Comments