জাপানে মায়ের হাতে নিজ সন্তানের নির্মম হত্যা
জাপানের গুনমা প্রিফেকচারের তাতেবায়াশি শহরে গত ২০ ফেব্রুয়ারি পানিতে ডুবিয়ে এক মাস বয়সী শিশু হোসেন আলী ফাহাদকে হত্যার অভিযোগ উঠেছে তার মা রুনা আক্তার (৩৫) এর বিরুদ্ধে। ঘটনার পরপরই তাকে আটক করে জাপান পুলিশ। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, রুনা আক্তার মানসিকভাবে ডিপ্রেশনে ভুগছিলেন। জাপানের সংবাদমাধ্যম 'আশাহি নিউজ'-কে দেওয়া বক্তব্যে শিশুটির বাবা বলেন, ঘটনার সময় বাসায় তার স্ত্রী ও সন্তান ছিলেন। তিনি বাসায় ফিরে এসে ফাহাদের নিথর দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে জরুরি সেবায় ফোন করেন। একই দিন রুনা আক্তার হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।
এদিকে, আজ ২৪ ফেব্রুয়ারি শিশুটির জানাজা গুনমা প্রিফেকচারের ইসেসাকি শহরের সাকাইমাচি এলাকায় অবস্থিত দারুস সালাম মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়। পরে সাইতামা প্রিফেকচারের হোনজো এলাকার কোদামাচো আকিয়ামা মুসলিম কবরস্থানে ইসলামি রীতিতে তাকে দাফন করা হয়। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া ফেলেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Comments