মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ভাষা শহীদদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের (শ্রম) কাউন্সিলর সোহেল পারভেজ। সঞ্চালনা করেন কনস্যুলার সহকারী এবাদুল্লাহ। এ সময় হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুল রহমান, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন, কনস্যুলার সহকারী ময়নাল হোসেনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ও তাদের পরিবার এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাঠানো বাণী পাঠ করা হয়। বাণীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে (শ্রম) কাউন্সিলর সোহেল পারভেজ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার প্রথম মাইলফলক। ভাষা শহীদদের আত্মত্যাগের ধারাবাহিকতায়ই স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছে। তিনি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মাতৃভাষা ও সংস্কৃতি চর্চায় আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয় এবং বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
প্রবাসে অবস্থান করেও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।
Comments