পাঁচ ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্তটি কি ঠিক ছিলো?
পাঁচ ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্তটি কি ঠিক ছিলো? ইউনুস সরকারের বিদায়ের পর এই প্রশ্ন আবার সামনে এসেছে। ব্যাংকাররা বলছেন বাংলাদেশ ব্যংকের গভর্নর ড.আহসান এইচ মনসুরের একক সিদ্ধান্তে এবং ব্যাক্তিগত কিছু জেদের কারণ থেকে লাভজনক এক্সিম ব্যাংকসহ পাঁচটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামি ব্যাংক গঠন করা হয়েছে। সরকারের তহবিল দিয়ে এটা কার্যকরের চেষ্টা চলছে।
ব্যাংকাররা বলছেন এই সম্মিলিত ব্যাংক ব্যর্থ হবে। এভাবে ব্যাংক দাঁড় করানো যায় না। নিয়োগ পাওয়ার দুই দিন পর দায়িত্ব পালন করবেন না বলে জানিয়ে দিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে নিয়োগ পাওয়া নাবিল মুস্তাফিজুর রহমান। গত মঙ্গলবার সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে জানিয়েছেন,একান্ত ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব পালনে অপারগ।
পাঁচ ব্যাংকের মধ্যে ৪টিই এস আলমের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এক্সিম ব্যাংক ছিলনা। এই ব্যাংকটিকে একীভূতকরণের মধ্যে আনা নিয়ে খোদ ব্যাংক পাড়ায় প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে লাভজনক এক্সিম ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে গভর্নর হওয়ার আগে থেকেই আহসান এইচ মনসুরের ব্যক্তিগত বিরোধ ছিল। একটি বিষয়ে ব্যাক ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় আহসান মনসুরের সাথে বিরোধ চরম আকার নেয় নজরুল ইসলাম মজুমদারের। দায়িত্ব পেয়েই তিনি প্রথম অ্যাকশনে নামেন নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করা হয়,ফ্যাসিস্টের সহযোগি আখ্যা দিয়ে তার নাসা গ্রুপ দখল করা হয়। এতে ভিক্টম হয় এক্সিম ব্যাংক। এস আলমের নিয়ন্ত্রনাধীন চারটি খারাপ ব্যাংকের সঙ্গে জুড়ে দেয়া হয় এক্সিম ব্যাংককে। ব্যাংক বিশেষজ্ঞদের আপত্তির মুখে গভর্নর একক সিদ্ধান্তে পাঁচ ব্যাংক মিলে একটি করার সিদ্ধান্ত নেন।
অভিজ্ঞ ব্যাংকার ও ব্যাংক আইন বিশেষজ্ঞরা জানান যে প্রক্রিয়ায় পাঁচ ব্যাংক একীভূত করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে আগামীতে। একটা উপায় হতে পারতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পরিবর্তন করে, খেলাপি ঋণ আদায় করে এবং বাংলাদেশ ব্যাংকের সঠিক গাইডলাইনের মাধ্যমে ব্যাংকগুলো বাঁচানো যেতো। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারকেরা গভর্নরকে অনেক পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। কিন্তু তিনি কারো কথা শুনেননি।
তাহলে কি বর্তমান সরকার পাঁচ ব্যাংক একীভূত করণ সিদ্ধান্ত বাতিল করে ব্যাংকগুলোকে আগের অবস্থায় ফিরিয় দিয়ে নতুন ভাবে পরিচালনা করার ব্যবস্থা নিবে?
Comments