ফরিদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের উষা ভবন ও এর আশপাশে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ডিবি (ভাঙ্গা জোন) এর অফিসার ইনচার্জ (ওসি) পি.এম. মামুনুর রশিদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে উক্ত ভবনের সামনে ও ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আশিকুর রহমান রাহাত (২৫), সুমন মৃধা (৩২), মিরাজুল ইসলাম (২৯), রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬)। তারা সবাই ফরিদপুর সদর কোতয়ালী থানা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) পি.এম. মামুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments