তারেক রহমানের বাসায় আসার সিদ্ধান্তে স্বাগত জানালেন ডা. শফিকুর রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, 'সম্প্রতি নির্বাচন গিয়েছে, একটা ফলাফল সামনে এসেছে। তিনি আসতে চেয়েছেন, আমি ওয়েলকাম জানিয়েছি। এটা রাজনৈতিক শিষ্টারচার বা সৌজন্যের ব্যাপার। তারেক রহমান আপনার সঙ্গে কী আলাপ করবেন—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, 'তিনি কী আলাপ করবেন। সেটা তো আমি জানি না। সেটা তার মনের ব্যাপার। তবে তিনি এলে আলাপ করলে দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলাপ করব।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'দেশটা তো সংসদ থেকে পরিচালিত হবে। ইনশাআল্লাহ। সেখানে একটা দল সরকারি দলে থাকবে, একটা দিল বিরোধী দলে থাকবে।
সমাজে কোনো গাড়ি এক চাকায় চলে না। মিনিমাম ২ চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচকভাবে কার্যক্রম পরিচালনা করে, আমাদের সহযোগিতা পাবে। আর যদি জনস্বার্থ বিঘ্নিত হয়। তাহলে আমরা জনগণের পক্ষে অবস্থান নেব।
একদম ক্লিয়ারকাট।'
তিনি আরো বলেন, 'আমরা চাই, তিন শর্ত সবাই মেনে নিক। এক নম্বর এই সোসাইটির আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, সেখান থেকে বের হয়ে আসতে হবে। ২ নম্বরে বিচার বিভাগ। বিচার বলতে দেশে কিছু নেই।
দেখুন, এতগুলো ঋণখেলাপি কিভাবে নির্বাচনে সুযোগ পায়? এদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে? হবে না তো। তারা সব সময় নিজের স্বার্থ দেখে। এখানে এমন মানুষ দেওয়া দরকার, যারা নিজের স্বার্থ দেখবে না ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে। ১৮ কোটি মানুষের স্বার্থ দেখলে সে ঋণখেলাপি হয় না। ঋণখেলাপি হলে সে আবার নেতা হতে চায় না। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই।
৩ নম্বরে তিনি বলেন, সংস্কারের যে প্রস্তাবের ওপরে যে গণভোট হয়েছে সেটি পুরোটাই বাস্তবায়ন হতে হবে। কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন চাই না।
Comments