বোর্ডরুম থেকে পাহাড়ের চূড়ায়: বাংলাদেশের ইমামুর রহমান
ক্রিকেটপ্রধান বাংলাদেশে পাহাড়ি আল্ট্রা দৌড়ে ব্যতিক্রমী এক নাম ইমামুর রহমান। একসময় করপোরেট বোর্ডরুমে সীমাবদ্ধ থাকা এই সফল ব্যবসায়ী এখন বিশ্বের কঠিনতম ট্রেইল ও আল্ট্রা-ডিস্ট্যান্স রেসে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
ব্যবসায়িক জীবনে অর্জিত শৃঙ্খলা, ধৈর্য ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাঁকে ১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ পাহাড়ি দৌড়ে মানসিকভাবে শক্ত করেছে। ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজ, ইউটিএমবি মন্ট-ব্লাঁ, থাইল্যান্ড বাই ইউটিএমবি, ফুকেট ১০০কে, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে তিনি লাল-সবুজের পতাকা তুলে ধরেছেন।
একবার দুর্ঘটনায় পড়ে ইউটিএমবি রেসে ডিএনএফ হলেও পরের বছর ফিরে এসে ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে রেস শেষ করে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েন। কখনো লুঙ্গি পরে রেস সম্পন্ন করে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ও।
বর্তমানে ইমামুর রহমান বাংলাদেশের আল্ট্রা-ট্রেইল রানের পথিকৃৎ হিসেবে পরিচিত। পাশাপাশি হাইরক্স ও স্পার্টান রেসের মতো নতুন আন্তর্জাতিক খেলায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে আবারও নতুন দিগন্তে বাংলাদেশের নাম পৌঁছে দিতে এগিয়ে চলেছেন।
Comments