ভোট উৎসবে একদিনে যমুনা সেতুতে পৌনে ৩ কোটি টাকার টোল আদায়, ভাঙল রেকর্ড
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্মরণকালের রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায় করেছে যমুনা সেতু কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু মহাসড়ক দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। আর এ থেকে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকার টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এ তথ্য জানিয়েছেন।
যমুনা সেতু পূর্ব সাইট অফিস সূত্রে জানা যায়— গত ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১২ টা থেকে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে।
এরমধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকাগামী লেন দিয়ে ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে গ্রামের বাড়ি ছুটছেন কর্মজীবী মানুষ। ফলে যমুনা সেতু দিয়ে স্বাভাবিকের তুলনায় যান চলাচল বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মহাসড়কে নিরাপত্তায় ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
উল্লেখ্য— উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা সেতু। এই সেতু দিয়ে সাধারণত প্রতিদিন ১৫ থেকে ১৭ হাজার পর্যন্ত যান চলাচল করে থাকে। তবে, ঈদের সময় এলে তা বেড়ে কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু এবার ঈদ উৎসব ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোট উৎসবের যাত্রায় স্মরণকালের রেকর্ড পরিমাণ যমুনা সেতুর উপর দিয়ে যান পারাপার এবং টোল আদায় হয়েছে।
Comments