নেদারল্যান্ডসের প্রথম জয়, নামিবিয়াকে উড়িয়ে রানরেটে পাকিস্তানকে টপকাল ডাচরা
প্রথম ম্যাচে লড়াই জমিয়েও পাকিস্তানের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নেদারল্যান্ডস। নামিবিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে ডাচরা। নামিবিয়ার করা ৮ উইকেটে ১৫৬ রানের লক্ষ্য নেদারল্যান্ডস পেরিয়ে যায় ১২ বল হাতে রেখেই।
দিল্লিতে রান তাড়ায় নেদারল্যান্ডসের জয়ের নায়ক বাস ডি লিডি। তিন নম্বরে নেমে তিনি ৪৮ বলে অপরাজিত ৭২ রান করেন, যার মধ্যে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। শেষদিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৯ বলে ১৮ রানে অপরাজিত থেকে তাকে দারুণ সঙ্গ দেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নামিবিয়ার হয়ে বড় ইনিংস গড়তে পারেননি কেউ। নিকোল লফটি-ইটন ৩৮ বলে সর্বোচ্চ ৪২ রান করেন, আর ওপেনার ইয়ান ফ্রাইলিঙ্ক করেন ২৬ বলে ৩০। নেদারল্যান্ডসের হয়ে বল হাতে লোগান ফন বিক ও বাস ডি লিডি দুটি করে উইকেট নেন।
এই জয়ে 'এ' গ্রুপে পয়েন্ট টেবিলে দারুণ অবস্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। ভারত, নেদারল্যান্ডস ও পাকিস্তান—তিন দলেরই পয়েন্ট এখন ২, তবে রানরেটে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ডাচরা। পাকিস্তান অবশ্য একটি ম্যাচ কম খেলেছে এবং তাদের পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
Comments