অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান
চলতি অন্তর্বর্তী সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বৈশ্বিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বহুল আলোচিত চুক্তিটি সই হচ্ছে না এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি বাংলাদেশ পক্ষকে চিঠি দিয়ে চলমান আলোচনার অগ্রগতির প্রশংসা করলেও খসড়া কনসেশন চুক্তি পর্যালোচনার জন্য আরও সময় চেয়েছে। ফলে বাস্তবতায় এই সরকারের মেয়াদ ও আসন্ন নির্বাচন অতিক্রম করে পরবর্তী সরকারের সময়ে এই আলোচনাটি এগোতে পারে।
চৌধুরী আশিক বলেন, 'ডিপি ওয়ার্ল্ড আমাদের জানিয়েছে যে তারা ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট গ্রহণ করেছে এবং বিস্তারিতভাবে রিভিউ করবে। তারা কিছু সময় চেয়েছে। বাস্তবিকভাবে দেখলে, হাতে খুব বেশি কার্যদিবস নেই।'
চট্টগ্রাম বন্দর প্রকল্পে পিপিপি অথরিটির ভূমিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে গিয়ে বিডা চেয়ারম্যান বলেন, এটি কোনো বাণিজ্যিক অংশীদারিত্ব নয়; বরং পুরো আলোচনাটি ফ্যাসিলিটেট করার দায়িত্ব পিপিপি অথরিটির। তার ভাষায়, জি-টু-জি নেগোসিয়েশনের ক্ষেত্রে প্রথমে দুই দেশের সরকারের মধ্যে এমওইউ সই হয়। এরপর সংশ্লিষ্ট সরকারি সংস্থা— এই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ— এবং অপর দেশের মনোনীত কোম্পানির মধ্যে প্রজেক্ট-স্পেসিফিক পিপিপি আলোচনা শুরু হয়। পিপিপি অথরিটি সেখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে।
চৌধুরী আশিক বিন হারুন আরও জানান, ডিপি ওয়ার্ল্ড একটি সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং আলোচনার প্রতিটি ধাপে সরকারিভাবে সমন্বয় করা হচ্ছে। বিডা চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল প্রকল্প নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা শুরু হয় ২০১৯ সালে। তবে গত এক মাসে এসে আলোচনাটি চূড়ান্ত ও সবচেয়ে নিবিড় পর্যায়ে পৌঁছায়।
তিনি বলেন, গত এক মাসে সরকারের বিভিন্ন স্তরে খুব ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে। কিন্তু এমন একটি বড় কনসেশন চুক্তি চূড়ান্ত করতে আরও সময় প্রয়োজন হওয়াটা স্বাভাবিক।
চিঠিতে ডিপি ওয়ার্ল্ড ভবিষ্যতে আলোচনাটি 'সঠিক দিকে' এগোবে বলে আশাবাদ প্রকাশ করেছে উল্লেখ করে চৌধুরী আশিক বলেন, এই সরকারের সময় চুক্তি না হলেও আলোচনা থেমে যাচ্ছে না। তিনি বলেন, 'নেগোসিয়েশন কন্টিনিউ করবে। সম্ভবত নির্বাচন পরবর্তী সময়ে পরবর্তী সরকার এটি এগিয়ে নেবে।'
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত বন্দর অবকাঠামো প্রকল্পগুলোর একটি। এ নিয়ে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও নীতিগত আলোচনার কেন্দ্রে রয়েছে।
Comments