জাবি’র সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেন এবং তাদের ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তার স্বামী মো. আখতার হোসেন এবং তাদের ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় করেছেন। অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
Comments