মা-বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি চলবে না: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অসৎ নেতৃত্ব দিয়ে কোনো জাতির ভাগ্য পরিবর্তন করা যায় না। উন্নয়নের নামে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শনিবার সকালে হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর কাজী মুখলিছুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই দুর্নীতির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়া হবে।
তিনি বলেন, ক্ষমতায় গেলে জনপ্রতিনিধি ও তাঁদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর প্রকাশ করতে হবে। এমপি-মন্ত্রীদের জন্য বিলাসী গাড়ি বা আলাদা প্লট থাকবে না।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মা-বোনদের সম্মান নিয়ে কোনো ছিনিমিনি চলবে না। কেউ নারীকে হুমকি বা অপমান করলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
হবিগঞ্জকে বঞ্চিত এলাকা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন সেখান থেকেই শুরু করা হবে। মেডিকেল কলেজকে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। গ্রামভিত্তিক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে এবং ধর্মের কারণে কেউ বঞ্চিত হবে না। ভোটে জিতলে বাংলাদেশই জিতবে বলে মন্তব্য করেন তিনি।
Comments