বিধ্বংসী ইনিংসে দলকে জেতালেও একার কৃতিত্ব নিতে রাজি নন সোহান
বিধ্বংসী ইনিংসে জেতালেও একা কৃতিত্ব নিতে নারাজ সোহান
অদম্য টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে ধূমকেতু একাদশকে উড়িয়ে দিয়েছে দুর্বার একাদশ। লক্ষ্য তাড়ায় বিপদের মুখে থাকা দলকে একাই উদ্ধার করেছেন নুরুল হাসান সোহান। চাপের মুখে ৪৪ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে তিনি জয় নিশ্চিত করেন। যদিও সোহান ম্যাচ শেষে কৃতিত্ব দিয়েছেন সবাইকে।
ধূমকেতুকে হারিয়ে উচ্ছ্বসিত সোহান সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমি একা তাদের হারাইনি। আমি সবসময় বলি ক্রিকেট একটা দলগত খেলা। প্লেয়ার আমাদের যারা ছিল সবারই কিছু না কিছু এফোর্ট ছিল। ছোট ছোট অবদান ছিল। টিম এফোর্টেই জয় এসেছে। বিশ্বকাপ সবার জন্য গুরুত্বপূর্ণ। এখন যে সুযোগ পেয়েছি, ওইটাই আসলে..আসলে আমাদের কাজ তো মাঠে খেলা। বিশ্বকাপের সঙ্গে মিলবে না। তবে যে সুযোগ পেয়েছি খেলার (চেষ্টা করছি)।'
সোহান আরও বলেন, '(মিজানুর রহমান) বাবুল স্যার (প্রধান) কোচ, (নাজমুল হোসেন) শান্ত অধিনায়ক। টিম মিটিংয়ে বারবার বিশ্বাস ধরে রাখার কথা বলা হয়েছে শেষ পর্যন্ত। ড্রেসিংরুমে সবসময় বিশ্বাস ছিল, দ্রুত উইকেট হারালেও। বিশ্বাসটা যতক্ষণ থাকবে আমার মনে হয় ৯০ শতাংশ মাঠের উপরে এটার ইফেক্ট পড়ে। গত ২ দিন ব্যালেন্সটা নিয়ে বাবুল স্যারের সঙ্গে কাজ করেছি। আজকে মনে হয় ব্যালেন্সটা ভালো ছিল।'
এ ছাড়া প্রসঙ্গ এসেছে দুর্বারের হয়ে খেলা জাকের আলী অনিককে নিয়েও। ফর্ম নিয়ে সমালোচিত এই ব্যাটার ম্যাচটিতে ১১ রান করেছেন। তাকে নিয়ে সোহান বলেন, 'জাকের আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। আজকে তো খেলেছে। দেখেন নাই মনে হয় (হাসি)।' অদম্য টি-টোয়েন্টিতে আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় দুর্বার-দুরন্ত মুখোমুখি হবে।
Comments