শুক্রবার ফরিদপুরে জামায়াত আমীরের দুটি জনসভা
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফরিদপুর সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। সফরকালে তিনি বোয়ালমারী ও ফরিদপুর সদরে আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ড. শফিকুর রহমান প্রথমে বোয়ালমারী উপজেলা সদরের সরকারি কলেজ মাঠ (বোয়ালমারী স্টেডিয়াম) এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন। সমাবেশ শেষে সন্ধ্যায় তিনি ফরিদপুর জেলা শহরে ফিরে আসবেন। রাত ৮টায় ঐতিহাসিক ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত দ্বিতীয় জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা আমীর মাওলানা মো. বদরুদ্দীন। তিনি জানান, আমীরে জামায়াতের সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মাওলানা মো. বদরুদ্দীন বলেন, "দীর্ঘদিন পর আমীরে জামায়াত ফরিদপুরে আসছেন। এটি আমাদের জন্য আনন্দের। বোয়ালমারী ও রাজেন্দ্র কলেজ মাঠ—উভয় জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আশা করছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।"
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সব আসনেই নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। জামায়াত আমীরের সফরকে কেন্দ্র করে জেলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সাধারণ ভোটারদের মধ্যেও এ জনসভা নিয়ে আগ্রহ দেখা গেছে। উল্লেখ্য, চলমান নির্বাচনী প্রচারণায় ড. শফিকুর রহমান বিভিন্ন জেলায় জনসভা করছেন, যেখানে তিনি 'জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণ' ও 'বৈষম্যহীন সমাজ গঠন'-এর কথা তুলে ধরছেন। ফরিদপুরের এই দুটি জনসভা থেকেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Comments