ইসরায়েল রাফা ক্রসিং আংশিক খুলে দিয়েছে
মানবিক সংস্থাগুলোর দীর্ঘদিনের আহ্বানের পর গাজার মিসর সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং আংশিকভাবে খুলে দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রবিবার সীমিত পরিসরে এই সীমান্তপথ চালু করা হয়, তবে মানুষের চলাচলের ওপর কড়াকড়ি বজায় রাখা হয়েছে।রাফা ক্রসিং গাজার বেসামরিক নাগরিকদের যাতায়াত এবং মানবিক সহায়তা প্রবেশের অন্যতম প্রধান দ্বার হিসেবে বিবেচিত। ২০২৪ সালের মে মাসে হামাস–ইসরায়েল সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনী ক্রসিংটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই এটি বন্ধ ছিল। ২০২৫ সালের শুরুর দিকে অল্প সময়ের জন্য সীমিতভাবে খুলে দেওয়া হলেও পরে আবার বন্ধ করে দেওয়া হয়।ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফিলিস্তিনি বেসামরিক বিষয় সমন্বয়কারী সংস্থা কোগ্যাট জানিয়েছে, রাফা ক্রসিং আপাতত সীমিত সংখ্যক বাসিন্দাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ক্রসিং খোলার পর প্রায় ২০০ রোগী এলাকা ত্যাগের অনুমতির অপেক্ষায় ছিলেন।অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪০ জন কর্মকর্তা গাজায় প্রবেশ ও দায়িত্ব গ্রহণের লক্ষ্যে মিসর সীমান্তের দিকে পৌঁছেছেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে ইসরায়েল জানায়, গাজায় আটক শেষ ইসরায়েলি জিম্মি রান গভিলির মৃতদেহ ফেরত না পাওয়া পর্যন্ত রাফা ক্রসিং পুনরায় চালু করা হবে না। কয়েকদিন আগে তার দেহাবশেষ উদ্ধার করা হয় এবং বুধবার ইসরায়েলে তাকে দাফন করা হয়। এর পরপরই ক্রসিং আংশিক খোলার ঘোষণা আসে।এদিকে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। শনিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাব হিসেবে তারা এই হামলা চালিয়েছে।
Comments