বাংলার মানুষ ভারত-আমেরিকার ‘ইনসাফ’ দেখতে চায় না: চরমোনাই পীর
জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফও দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।
তিনি আরও বলেন, যে নীতি ও আদর্শে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে ব্যবস্থায় এ দেশের অর্থ বিদেশে পাচার হয়ে 'বেগমপাড়া' তৈরি হয়েছে, যে সময়ে মানুষ রাস্তায় নামলে গুম হয়ে যেত, ঘরে গেলেও খুনের শিকার হতো, সেই নীতিতে আবার দেশ চালানোর পাঁয়তারা করা হচ্ছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহ এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দেন।
চরমোনাই পীর রেজাউল করিম বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ পরিচালনার পরও ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম হয়নি। সেই একই নিয়মে আবার কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব? জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরীয়াহ আইনে দেশ পরিচালনা করবে না; বরং প্রচলিত ব্যবস্থায়ই দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের এক প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়। তাহলে তারা ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে দেশ পরিচালনা করবে, সেটাই প্রশ্ন।
লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহ'র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ এবং ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।
Comments