ব্রিটিশ রাজ পরিবারের সদস্যও বাদ যাননি এপস্টেইনের তালিকা থেকে
ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন–উইন্ডসরের বিরুদ্ধে আবারও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এক নারী দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন তাঁকে ২০১০ সালে যুক্তরাজ্যে পাঠান এবং রয়্যাল লজে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয়। ওই নারীর আইনজীবী ব্র্যাড এডওয়ার্ডস বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। অভিযোগের বিষয়ে অ্যান্ড্রু এখনো কোনো মন্তব্য করেননি।
এডওয়ার্ডস জানান, এপস্টেইনের মাধ্যমে অ্যান্ড্রুর কাছে পাঠানো এমন অন্তত একজন নারীর পক্ষে তিনি কাজ করছেন। তিনি আগে ভার্জিনিয়া জিউফ্রের আইনজীবীও ছিলেন। জিউফ্রে অভিযোগ করেছিলেন, ২০০১ সালে ১৭ বছর বয়সে তাঁকে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয়। ২০২২ সালে জিউফ্রের মামলাটি আর্থিক সমঝোতায় নিষ্পত্তি হয়, যদিও অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করে আসছেন।
জেফরি এপস্টেইন ২০০৮ সালে নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের দায়ে দোষী সাব্যস্ত হন এবং ২০১৯ সালে বিচার চলাকালে কারাগারে মারা যান। সাম্প্রতিক বছরগুলোতে কেলেঙ্কারির জেরে অ্যান্ড্রু তাঁর রাজকীয় উপাধি ও দায়িত্ব হারিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে 'অ্যান্ড্রু মাউন্টব্যাটেন–উইন্ডসর' নামে পরিচিত হচ্ছেন।
Comments