ভারত পাকিস্তান ম্যাচের হিসাব নিকাশ
ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে এবার রাজনৈতিক বা বাইরের উত্তাপ নয়, মূল লড়াইটা মাঠের ক্রিকেট নিয়েই। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সুপার সিক্স পর্বের এই ম্যাচের ফলই অনেকটা নির্ধারণ করে দেবে কারা যাবে শেষ চারে।ভারত দুর্দান্ত ছন্দে রয়েছে। তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে তারা নামছে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে। গ্রুপ পর্বে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারানোর পর সুপার সিক্সে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর দলটি। গ্রুপ–২ পয়েন্ট টেবিলে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে ভারত।অন্যদিকে পাকিস্তানের সংগ্রহ ৪ পয়েন্ট, অবস্থান তৃতীয়। গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে হারের ধাক্কা থাকলেও জিম্বাবুয়েকে হারায় তারা। এরপর সুপার সিক্সে নিউজিল্যান্ডকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে দলটি।
সমীকরণ বলছে, পাকিস্তানকে হারাতে পারলে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত এবং পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে যাবে। এমনকি হেরে গেলেও, যদি ভারতের নেট রান রেট পাকিস্তানের চেয়ে ভালো থাকে, তাহলেও শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে তাদের।
পাকিস্তানের পথ তুলনামূলক কঠিন। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। যদি আগে ব্যাটিং করে ৩০০ রান তোলে, তবে অন্তত ৮৫ রানের ব্যবধানে জয় পেতে হবে। আর ৩০০ রান তাড়া করতে হলে ৩৫ ওভারের মধ্যেই লক্ষ্য ছুঁতে হবে তাদের, নইলে নেট রান রেটে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে। তবে একটি বিষয় পরিষ্কার—এই ম্যাচের পর ভারত ও পাকিস্তান দু'দল একসঙ্গে সেমিফাইনালে উঠতে পারবে না। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের ফলে সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল।
Comments