মালদ্বীপ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিইউপি এর মধ্যে সমঝোতা চুক্তি সই
উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির (এমএনইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) এমএনইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএনইউ-এর চ্যান্সেলর ড. মাহামুদ শুগী, উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম, বিইউপি-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আলম এবং সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান তালুকদার।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক কেবল একটি চুক্তি নয়; এটি একাডেমিক বিনিময়, যৌথ গবেষণা ও জ্ঞানভিত্তিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষমতায়নের পাশাপাশি বাংলাদেশ–মালদ্বীপের জনগণনির্ভর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করবে।
বিইউপি-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আলম বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। এই চুক্তি শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।
এমএনইউ-এর উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, সেমিনার, কর্মশালা এবং একাডেমিক প্রকাশনার নতুন সুযোগ সৃষ্টি হবে, যা উভয় পক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ ও মালদ্বীপের ভবিষ্যতমুখী একাডেমিক অংশীদারিত্বের প্রতীক এই সমঝোতা স্মারক—যা দুই দেশের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও শিক্ষাগত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত।
Comments