চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
চাঁদপুর জেলার সদর উপজেলার বলাখাল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক দণ্ড প্রদান করা হয়,মেসার্স মিতু ফার্মেসীর মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়ার দায়ে এই ফার্মেসিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। ওয়েলকাম সুইটস এন্ড বেকারির নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ফুড কালার ব্যবহারের দায়ে এই বেকারিকে পনের হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং বাসি খাবার জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্যবিরোধী অনিয়ম করবেন না বলে লিখিত অঙ্গীকার প্রদান করেন।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
Comments