বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত
বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়েছে। এ উপলক্ষে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) জুমার নামাজের পর আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। এর আগে বাহরাইন থেকে আসা ৪০ সদস্যের বাহরাইন কেন্দ্রীয় বিএনপির একটি প্রতিনিধি দলকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা। কবর জিয়ারত কর্মসূচিতে ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ, যুব নেতা সরদার রুবেল হক, কৃষক দলের প্রতিনিধি আতিকুল ইসলাম এবং মানামা মহানগর নবগঠিত কমিটির সভাপতি আক্তার হোসেন মোল্লা। এছাড়াও বাহরাইন কেন্দ্রীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাদের পাশাপাশি ময়মনসিংহ, মুক্তাগাছা, মাদারীপুর, শরীয়তপুর ও কুমিল্লা থেকে আসা বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। কবর জিয়ারত শেষে নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করেও বাহরাইন কেন্দ্রীয় বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।
Comments