কার্ড জটিলতা সমাধানে ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। আগের মতো সরাসরি আবেদন পদ্ধতি বহাল না হলে আগামী জাতীয় নির্বাচনের সংবাদ সংগ্রহ করা হবে কি না—সে বিষয়ে সাংবাদিক নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এসব কথা জানান।
সাংবাদিক নেতারা জানান, নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে নির্বাচন কমিশনের চালু করা নতুন অনলাইন আবেদন ব্যবস্থা শুরু থেকেই জটিলতা ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমবারের মতো পুরো প্রক্রিয়াটি অনলাইনে নেওয়ায় সারাদেশের বহু সাংবাদিক আবেদন করতেই হিমশিম খাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে আগের মতো সরাসরি আবেদন পদ্ধতি চালুর দাবি জানানো হয়েছে।
আগামী রোবারের (১ ফেব্রুয়ারি) মধ্যে এ সমস্যার সন্তোষজনক সমাধান না হলে সংবাদ সংগ্রহ, নির্বাচন কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
বৈঠক শেষে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের হলেও কমিশন তা আমলে নেয়নি। এর মধ্যে কোনো ধরনের আলোচনা ছাড়াই কার্ড ও গাড়ির স্টিকারের জন্য একটি নতুন অনলাইন অ্যাপ চালু করা হয়েছে।
তিনি বলেন, 'এই অ্যাপটি মোটেও ইউজার ফ্রেন্ডলি নয়। এটি বর্তমানে সাংবাদিকদের ভোগান্তি বাড়াচ্ছে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের জটিলতা তৈরি করবে।' আগামী রোববারের মধ্যে সমাধান না এলে সাংবাদিক নেতারা বৈঠক করে আগামী জাতীয় নির্বাচনের সংবাদ সংগ্রহ করবেন কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য যে অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতো অল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত নয়।
তিনি আরও জানান, সাংবাদিকদের পক্ষ থেকে আগের মতো সহজ পদ্ধতিতে কার্ড ও স্টিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। 'কমিশন সমস্যার কথা স্বীকার করেছে। অনলাইন পদ্ধতি বাদ দিয়ে আগের মতো সহজ নিয়মে কার্ড দেওয়ার বিষয়ে আগামী রোববারের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। তবে সমাধান না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব,' বলেন তিনি।
সিইসি এ এম এম নাসির উদ্দীন বৈঠকে জানান, সাংবাদিকদের যে দাবি সে বিষয়ে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলে রবিবারের মধ্যে নির্দেশনা দিবে নির্বাচন কমিশন।
Comments