হাদি হত্যা: দায় অস্বীকার করলেও ফয়সালের বক্তব্যে আস্থা নেই ডিবির
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নিজেকে নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা দিয়েছেন মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, ভিডিওতে ফয়সাল কী দাবি করলেন তা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ নয়। পর্যাপ্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতেই তাকে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে নিশ্চিত করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, এখন পর্যন্ত এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের মধ্যে ১৬৪ ধারায় ৬ জন স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, ফয়সালের মা মোছাম্মৎ হাশি বেগম ও স্ত্রী সাহেদা পরভিন সামিয়াসহ আরও ৮ জন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভিডিও বার্তায় সে কী বলেছে, সেটা আমাদের দেখার বিষয় না। আর ভিডিওটি এআই জেনারেটেড কি না সেটাও প্রশ্ন রয়ে যায়। হাদি হত্যাকাণ্ডে ফয়সাল মূল অভিযুক্ত, এ বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য রয়েছে। ফয়সালের মা, বাবা, স্ত্রী ও তার প্রেমিকা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া সীমান্ত এলাকায় তাকে নিয়ে যাওয়া ড্রাইভারের সাক্ষ্যও রয়েছে। আমরা আমাদের তদন্তের ভিত্তিতেই আছি এবং হত্যাকাণ্ডে ফয়সালের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত।
Comments