বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় না ফেরার দেশে চলে গেছেন। বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমে উঠে এসেছে তার বিদায়ের খবর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখন পর্যন্ত দুইটা প্রতিবেদন করেছে খালেদা জিয়াকে নিয়ে। একটির শিরোনাম-'বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।' আরেকটি খবরের শিরোনাম- 'খালেদা জিয়া : নিহত এক নেতার বিধবা স্ত্রী থেকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।'
প্রতিবেদন দুটিতে বেগম জিয়ার মৃত্যুর খবরের পাশাপাশি তার জন্ম, রাজনীতিতে প্রবেশ ও প্রথম প্রধানমন্ত্রী হওয়ার খবর গুরুত্ব পেয়েছে। বলা হয়েছে, বেগম জিয়া প্রথমবার জনসমক্ষে আলোচনায় আসেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে। ১৯৮১ সালের এক সামরিক অভ্যুত্থানে তার স্বামী নিহত হওয়ার পর, খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে উঠে আসেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও খালেদা জিয়াকে নিয়ে দুইটি প্রতিবেদন করেছে। একটির শিরোনাম- 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।' অপরটির শিরোনাম-'খালেদা জিয়া : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী— ক্ষমতা ও প্রতিরোধে ভরা এক জীবন।'
প্রতিবেদনে বলা হয়, বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ আগস্ট, দিনাজপুরে—যা তখন ছিল ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গ; বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চল।
বার্তা সংস্থা রয়টার্সের এ সংক্রান্ত খবরের শিরোনাম- 'খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মারা গেলেন ৮০ বছর বয়সে।'
২০০৬ সালের পর আর ক্ষমতায় না থাকলেও খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষে বিপুল জনসমর্থন রয়েছে, এ প্রতিবেদনে বলা হয়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে জয়ী হবার লড়াইয়ে সামনের দিকে আছে বিএনপি, লিখেছে রয়টার্স।
কিছুটা ভিন্ন আঙ্গিকে খবর করেছে সিএনএন। 'খালেদা জিয়া, প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রী এবং হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী, ৮০ বছর বয়সে মারা গেছেন,' তাদের শিরোনাম।
খালেদা জিয়া এবং শেখ হাসিনার প্রতিদ্বন্দিতাই বাংলাদেশের রাজনীতির মূল বিষয় ছিল একটি লম্বা সময় ধরে, তাদের প্রতিবেদনে বলা হয়। সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে খালেদার অবস্থান, শেখ হাসিনার সাথে প্রতিদ্বন্দ্বিতা, এবং তার অসুস্থতার বিষয়গুলো উঠে এসেছে এই প্রতিবেদনে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, 'খালেদা জিয়া, প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রধান মারা গেছেন ৮০ বছর বয়সে।'
গত ৩৬ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া, তাদের খবরে বলা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তাটিও উঠে এসেছে এনডিটিভির খবরে।
সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন খবর করেছে, 'খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, লম্বা সময় অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন।'
বিএনপির বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার ফজরের নামাজের পর ভোর ৬টায় মারা গেছেন বেগম খালেদা জিয়া। এছাড়া দ্য ডনের নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্টেও ১৯৪৫ থেকে ২০২৫ পর্যন্ত খালেদা জিয়ার জীবন নিয়ে ফটো স্টোরি প্রকাশ করা হয়েছে।
'বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জিয়ার মৃত্যুতে একটি যুগের অবসান,' এএফপির বরাত দিয়ে খবর করেছে ফ্রান্স টুয়েন্টি ফোর।
Comments